বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকায় খুনসহ ডাকাতির ঘটনায় মূলহোতা জুয়েলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় লুণ্ঠিত টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে দুপচাঁচিয়া থানাধীন তালোড়া পৌরসভার তালোড়া বাজার এলাকার হিমু পোদ্দার আগরওয়ালার (৬২) বাড়িতে ৫ থেকে ৭ জন ডাকাত প্রবেশ করে। তারা বাড়ির সবাইকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে মারধর করে এবং নগদ আনুমানিক দুই থেকে তিন লক্ষ টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে। এসময় ডাকাত দল বিমলা পোদ্দারকে (৬৭) শ্বাসরোধে হত্যা করে। ডাকাতরা ভোর সাড়ে ৪টা দিকে ঘটনাস্থল ত্যাগ করে বলে জানা যায়।
এঘটনায় গ্রেপ্তার আসামিরা হলেন- দুপচাঁচিয়া উপজেলার তালোড়া নওদাপাড়া এলাকার নবাব আলীর ছেলে জুয়েল প্রাং (২৬), শিবগঞ্জ উপজেলার খেউনী বিন্ন্যাচাপড় এলাকার বাছেদ প্রামানিকের ছেলে বাহালুল প্রামানিক রাজু (২৯), কাহালু উপজেলার পোগইল এলাকার নাছির উদ্দীনের ছেলে ইমরান (৩১) ও দুপচাঁচিয়া উপজেলার তালোড়া শাবলা এলাকার হাফিজার রহমানের ছেলে আসলাম (২৫)।
আসামি বাহালুল ইসলাম রাজুর বিরুদ্ধে ইত্যোপূর্বে ডাকাতি, চুরি, দস্যুতাসহ মোট ৪টি মামলা রয়েছে। এছাড়াও ইমরানের বিরুদ্ধে মাদক আইনে ২টি মামলা, আসলামের বিরুদ্ধে চুরির ১টি মামলা ও জুয়েল প্রামানিকের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও দস্যুতাসহ মোট ৬টি মামলা বিচারাধীন।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, ঘটনার পর বগুড়া জেলা পুলিশের ডিবি টিম দ্রুত অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা জুয়েলসহ সহযোগী আসলাম, ইমরান ও রাজুকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া টাকার মধ্যে ১৩ হাজার টাকা, নিহত ভিকটিম বিমলার মোবাইল ফোনসহ মোট দুটি লুন্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
তিনি আর জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
