সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বাংলাদেশের সমর্থন চেয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল শুক্রবার দিল্লিতে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের কাছে এ বিষয়টি বলেন।
ত্রিপুরায় বাংলাদেশের তিনজন নাগরিকের ‘মারা যাওয়ার’ বিষয়ে করা প্রশ্নটির জবাবে মুখপাত্র বলেন, এ ঘটনায় সামনে এসেছে যে, আন্তর্জাতিক সীমান্তের মর্যাদা সমুন্নত রাখার জন্য বাংলাদেশের উচিত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। আর আন্তঃসীমান্ত অপরাধ ও চোরাচালান রোধ করতে যেখানে প্রয়োজন কাঁটাতারের বেড়া নির্মাণ করাও বাংলাদেশের সমর্থন করা দরকার।
রণধীর জয়সওয়ালের বক্তব্য অনুযায়ী, ত্রিপুরায় সীমান্ত থেকে তিন কিলোমিটার ভেতরে তিন ‘চোরাকারবারী’ গত ১৫ অক্টোবর ‘মারা যান’। এর আগে তাদের হামলায় স্থানীয় এক ভারতীয় গ্রামবাসী মারা যায়। স্থানীয়রা তাদের ‘প্রতিহত’ করে। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে দুই ‘চোরাকারবারীকে’ মৃত অবস্থায় উদ্ধার করে। অন্যজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। তিন নিহত ব্যক্তির মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সেখানে একটি মামলা হয়েছে।
বাংলাদেশ সরকার ঘটনাটিকে হত্যাকা- হিসেবে অভিহিত করে প্রতিবাদ জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায়।
