ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাল্যবন্ধুকে কুপিয়ে ও জবাই করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত বন্ধুকে গ্রেপ্তার করেছে। নিহত যুবকের নাম উমর হাসান (২৪)। সে নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামের মুরশিদ মিয়া বাড়ির জাকির হোসেনের ছেলে। অভিযুক্ত খাইরুল আমিন (২৪) একই গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা চান মিয়ার ছেলে।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় নবীনগর থানার ওসি শাহিনুর ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে দুই ঘণ্টার মধ্যেই অভিযুক্ত বন্ধুকে গ্রেপ্তার করে। জানা যায়, উমর ও খাইরুল শৈশবকাল থেকেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ঘটনার দিন আনুমানিক রাত ২টার দিকে উমরের ঘরে সিঁধ কেটে খাইরুল প্রবেশ করেন। প্রথমে ধারালো দা দিয়ে উমরের ঘাড়ে ও হাতে উপর্যুপরি কোপান। এ সময় উমরের মা রাহেলা বেগম ধস্তা ধস্তির শব্দ শুনে ছেলের ঘরে প্রবেশ করে তার কোমরে জড়িয়ে ধরে চিৎকার চেঁচামেচি করতে থাকলে তাকেও ঘাতক খাইরুল পায়ে কোপ মেরে পালিয়ে যান।
