চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ছয় লেনের দাবি জানিয়ে দুটি পৃথক স্থানে অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন লোহাগাড়ার স্থানীয় এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপুর ৩টায় লোহাগাড়া উপজেলার সর্বস্তরের জনসাধারণসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলা পরিষদের সামনে থেকে অবরোধ কর্মসূচি শুরু হয়। পরে অবরোধকারীরা মিছিল সহকারে মহাসড়ক হয়ে বটতলী মোটর স্টেশন এলাকায় পুলিশ বক্সের সামনে মহাসড়কে আবার অবস্থান নেন। এ সময় সংক্ষিপ্ত সভায় উপস্থিত আন্দোলনকারীরা দাবি করেন, যতক্ষণ পর্যন্ত আমাদের ছয় লেনের দাবি মেনে নেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত তাদের অবরোধ চলবে। প্রায় এক ঘণ্টা পর লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলামের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেন।
×
