মিরপুরে অগ্নিকান্ড

স্বজনরা বুঝে পেলেন অঙ্গার হওয়া ১৬ লাশ

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ এএম

রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনে অঙ্গার হওয়া ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গ থেকে নিহতদের লাশ হস্তান্তর করা হয়। লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান এবং উপপরিদর্শক (এসআই) মুখলেছুর রহমান।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারপ্রতি দাফনের জন্য ২৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও উন্নয়ন সার্কেলের প্রকৌশলী মো. জাকির হোসাইন। তিনি জানান, নিহত ১৬ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। ঢামেক মর্গ থেকে রাতে পর্যায়ক্রমে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। শুরুতে ১৪ জনের পরিবার মর্গে উপস্থিত ছিল। পরে অন্য দুজনের স্বজনরা এলে তাদের কাছেও লাশ হস্তান্তর করা হয়। নিহত হলেন নুর আলম, রবিউল ইসলাম, মৌসুমী খাতুন, আল মামুন, সানোয়ার হোসেন, ফারজানা আক্তার, মুনা আক্তার, জয় মিয়া, মুক্তা বেগম, নাজমুল ইসলাম, তোফায়েল আহমেদ, খালিদ হাসান, আব্দুল আলিম, আসমা, নার্গিস আক্তার ও মাহিরা।

গত ১৪ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে রূপনগরের শিয়ালবাড়ি শাহ আলম কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে আগুন পাশের আনোয়ার ফ্যাশন গার্মেন্টসে ছড়িয়ে পড়লে ১৬ জনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশগুলো উদ্ধার করে ঢামেক মর্গে পাঠায়। ঢামেকে দুই ধাপে তাদের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত