জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সময় আন্দোলনে গিয়ে আহত আতিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গত শনিবার রাত ৯টার দিকে উত্তরার আজমপুরে আতিকুলের বাসায় যান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে গুরুতর আহত হন আতিকুল। তার ডান হাত কেটে ফেলতে হয়। পরে তার শরীরে কৃত্রিম হাত স্থাপন করা হয়। গত শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হয়। জুলাই অভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা, পুনর্বাসনের দাবিতে অনুষ্ঠানস্থলে অবস্থান নেন ‘জুলাই যোদ্ধা’ ও তাদের স্বজনরা। ‘জুলাই যোদ্ধারা’ সেখান থেকে না সরলে পুলিশ ধাওয়া দেয়। একপর্যায়ে লাঠিপেটা এবং তাদের সরাতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এ সময় পুলিশের হামলায় আতিকুলের কৃত্রিম হাতটি বিচ্ছিন্ন হয়ে সড়কে পড়ে যায়।
×
