দৃষ্টিহীন গায়কের পাশে তারেক রহমান

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৭:০২ পিএম

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নির্বাচনী গানসহ দলীয় বিভিন্ন গান পরিবেশন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হন কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতিসন্তান, জন্মান্ধ বাউল কণ্ঠশিল্পী মো. জাহাঙ্গীর আলম। 

ভাইরাল হওয়া গানগুলো বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এতে মুগ্ধ হয়ে তিনি লন্ডন থেকে দলের হাইকমান্ডকে এক জরুরি বার্তা পাঠান এবং শিল্পী জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাতের নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় সোমবার (২০ অক্টোবর) বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে বিএনপি’র একটি প্রতিনিধি দল দৃষ্টি প্রতিবন্ধী কণ্ঠশিল্পী মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাড়িতে যান। 

কেন্দ্রীয় নেতার আগমনের খবর পেয়ে স্থানীয় দলীয় নেতাকর্মীদের ঢল নামে সেখানে। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা জাহাঙ্গীরের পরিবারের খোঁজখবর নেন। পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে জাহাঙ্গীরের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।

এর আগে কুমিল্লার চান্দিনা উপজেলায় জুলাই আন্দোলনের সময় নিহত এক শহীদের কবর জিয়ারত করেন বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী মো. জাহাঙ্গীর আলমের বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, “হঠাৎ করে দেশে সংঘটিত ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা উদ্বিগ্ন। এসব অগ্নিকাণ্ড পরপর ঘটায় জনমনে আতঙ্ক ও শঙ্কা দেখা দিয়েছে। দেশে বিচ্ছিন্নভাবে অগ্নিকাণ্ড ঘটতে পারে, কিন্তু যখন একের পর এক এমন ঘটনা ঘটে, তখন বুঝতে হবে এর পেছনে কোনো কালো হাত আছে। বাংলাদেশকে অস্থিতিশীল করাই যাদের লক্ষ্য, তাদেরই ষড়যন্ত্র এটি। হাসিনাবিহীন বাংলাদেশ ঠিকমতো চলছে না— বিষয়টি আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য দেশীয় ও বিদেশি শক্তির মিলিত চক্রান্ত বলেই মনে হচ্ছে।”

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপি’র সভাপতি উতবাতুল বারী আবু, জেলা বিএনপি’র সাবেক সদস্য মো. আমিরুজ্জামান আমির, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মো. কামরুল হুদা প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি মো. হারুন অর রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী পাটোয়ারী নুরু, মো. গিয়াস উদ্দিন, দফতর সম্পাদক মো. জাহিদুল ইসলাম মিন্টু, পৌর বিএনপি’র সিনিয়র সহসভাপতি মো. শরীফুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মহব্বত, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জামাল উদ্দিন মামুন, সদস্য সচিব মো. শাহনেওয়াজ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ফখরুল হাসান, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, জালাল উদ্দিন মোল্লা, মো. মুজিবুর রহমান, জসিম উদ্দিন, মামুনুর রশিদ দাউদ, মো. সোলেমান, যুবদল নেতা আব্দুল হালিম ভূঁইয়া, মো. শরীফ হাসান, রফিকুল ইসলাম শামীম প্রমুখ।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত