সিইসি

‘কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার এখন গ্লোবাল সমস্যা’

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১১:২৪ এএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অপচর্চা এখন বৈশ্বিক স্তরে একটি গুরুতর সমস্যা।

মঙ্গলবার (২১ অক্টোবর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এআই বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সভাপতিত্ব করেন। এছাড়া অন্য চারজন নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, ‘এআইয়ের অপব্যবহার এখন গ্লোবাল সমস্যা। আমরা নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধ করতে চাই। মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন নিয়ন্ত্রণে আমরা কেন্দ্রীয়ভাবে একটি সেল গঠন করব। তার আগে আপনাদের মতামত প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের সময় অনেক কিছু রাতের ঘুমে ঘটে যেতে পারে। কী ধরনের জনবল আমরা এই কাজে ব্যবহার করতে পারি, ডিসইনফরমেশন যেকোনো জায়গা থেকে আসতে পারে। আমরা কীভাবে সেই তথ্য পৌঁছাব, সে বিষয়ে আপনাদের পরামর্শ দরকার। এখানে যারা উপস্থিত আছেন, তারা আমাদের নির্দিষ্ট সাজেশন দিতে পারবেন। আমি এখানে কোনো গাইডলাইন চাই না। এ কর্মশালা আমাদের জন্য কার্যকর হবে।’

সভাপতির বক্তব্যে সিইসি সচিব আখতার আহমেদ উল্লেখ করেন, ‘এআই আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে নেতিবাচক প্রভাব ফেলেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত