বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সাংবাদিককে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুঃখ প্রকাশ করেছেন। আমি বিশ্বাস করি দলগতভাবে এটা আমাদের সবারই স্ট্যান্ড।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ কথা বলেন। রুমিন ফারহানা ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ আখ্যা দিয়ে বলেন, ‘এটা ভীষণ দুঃখজনক, লজ্জাজনক এবং আমরা সকলেই দুঃখ প্রকাশ করছি।’
তিনি বলেন, বিএনপির জন্মলগ্ন থেকেই এই অফিস। এই কার্যালয়ে অবারিত দরজা, সেখানে সকল শ্রেণি-পেশার মানুষও যেমন যেতে পারেন, গণমাধ্যমকর্মী তো বটেই।
রুমিন ফারহানা আরও বলেন, যখন শেখ হাসিনার সময় ছিল, তখনও রেগুলার ব্রিফিং হতো। সেগুলো গণমাধ্যমকর্মীদের দ্বারাই দেশের মানুষ জানতে পারতেন। সুতরাং আমি মনে করি রাজনীতি এবং গণমাধ্যম পরস্পরে হাত ধরে রেখে চলে। তারপরেও এই ঘটনাটি ঘটেছে।
এক প্রশ্নের জবাবে তিনি ডাকসু নির্বাচনে ছাত্রদলের পরাজয় প্রসঙ্গে বলেন, ছাত্রদল আওয়ামী লীগের সঙ্গে মিশে থেকে ১৫ বছর ক্যাম্পাস দখল রাখতে পারেনি। ওরা গিরগিটির মতো রং পরিবর্তন করে যখন যেই দল ক্ষমতায়, তাদের সঙ্গে মিশে থেকে অস্তিত্ব রক্ষা করেনি।
তিনি আরও যোগ করেন, এটাকে যদি পিছিয়ে থাকা বলে আমি গর্বের সঙ্গে বলব হ্যাঁ, আমরা পিছিয়ে ছিলাম। ৫ আগস্টের পর যখন ছাত্রদলের ছেলেরা দলীয় পরিচয়ে ক্যাম্পাসে গেছে, তখন তাদের সাধারণ ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রতিহত করা হয়েছে।
রুমিন ফারহানা বলেন, শিবির ভিন্ন নামে রাজনীতি করে ক্যাম্পাসগুলোতে আধিপত্য বজায় রাখতে পেরেছে। এর সুবিধা তারা পেয়েছে।
