কুমিল্লার মুরাদনগরে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাদের একজনকে ৩০০ টাকা ও অন্যজনকে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার নহল চৌমুহনী এলাকার কামরুল (২৩) ও রহিমপুর এলাকার বায়জিদ (২২)।
ভ্রাম্যমাণ আদালত জানায়, দণ্ডপ্রাপ্ত মাদকসেবী কামরুল এলাকায় মাদকের ব্যবসার সঙ্গে জড়িত থাকায় এবং নেশাগ্রস্থ হয়ে জনগণকে উৎপাত করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ৩০০ টাকা অর্থদণ্ড ও একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সময় মাদকসেবী বায়জিদ মাদক সেবন করে মা-বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর কারার অভিযোগে ২০০ টাকা অর্থদণ্ড ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন জানান, জনস্বার্থে মাদকের ব্যবহার নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ জন্য জনগণের সহযোগিতা কামনা করেছেন তিনি।
