স্পিনের প্রথম হাফসেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিজের

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ এএম

জনশ্রুতি আছে, ওয়েস্ট ইন্ডিজের নারকেল গাছ ঝাঁকি দিলেও নাকি পেসার পড়ে! আসলে একটা সময় ওয়েস্ট ইন্ডিজ দলে এত এত পেসাররা খেলতেন যে মাইকেল হোল্ডিং, ইয়ান বিশপরা বেঞ্চে বসে থাকতেন। এই ক্ষয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজেও ঝলক দেখান শামার জোসেফের মতো পেসারই। সেই ওয়েস্ট ইন্ডিজই কি না একটা ওয়ানডে ম্যাচে ৫০ ওভার বোলিং করাল স্পিন বোলারদের দিয়ে! বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে পুরো ৫০ ওভারই করেছেন স্পিনাররা। এর মাধ্যমে নতুন এক রেকর্ডই হলো ক্রিকেটে, এর আগে কোনো ম্যাচের এক ইনিংসে স্পিনাররা করেছিলেন সর্বোচ্চ ৪৪ ওভার। মজার ব্যাপার হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই হয়েছিল সেই রেকর্ড, প্রায় ২৯ বছর আগে ১৯৯৬ সালের ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট অব স্পেনে ৪৪ ওভার বল স্পিনারদের দিয়ে বল করিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলে ছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

ওয়ানডে ম্যাচে একটি ইনিংস ২১০ মিনিটের ভেতর শেষ করার বাধ্যবাধকতা আছে, এর বেশি সময় নিলে ম্যাচ রেফারি ফিল্ডিং দলের অধিনায়ক এবং অন্য খেলোয়াড়দের ম্যাচ ফি থেকে জরিমানাও করতে পারেন। আগে ইনিংস শেষ করার জন্য কোনো পুরস্কার থাকলে সেটা পেতে পারেন শেই হোপ! কারণ ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ৫০ ওভারই স্পিনারদের দিয়ে বল করিয়ে ১৯৫ মিনিটেই পুরো ৫০ ওভার শেষ করে ফেলেছেন!

ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অনেক কিছুই দেখা গেল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ম্যাচে।

প্রথমবার কোনো দল ৫০ ওভারই স্পিনারদের দিয়ে বোলিং করাল, এটা ওয়েস্ট ইন্ডিজেরও স্পিনারদের দিয়ে সবচেয়ে বেশি ওভার করানোরও রেকর্ড। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৪ ওভার স্পিনারদের দিয়ে বোলিং করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর মাঠেও সবচেয়ে বেশি স্পিনারদের দিয়ে বোলিং করানোর রেকর্ড হলো, এর আগে ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ও ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৪০ ওভার স্পিনারদের দিয়ে বল করিয়েছিল বাংলাদেশ।

ম্যাচে পুরো ৫০ ওভার স্পিনারদের দিয়ে বল করানোর সিদ্ধান্ত নিঃসন্দেহে চৌকস, অন্তত ম্যাচের প্রথম ২৫ ওভার পর্যন্ত তো মনে হচ্ছিল কার্যকরী। ২৫ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৮৮, এই পর্যায় পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের পরিকল্পনাকে তো সফলই বলা যায়। তবে মেহেদী হাসান মিরাজের ৫৮ বলে ৩২ রানের ইনিংসের পাশে রিশাদ হোসেনের ৩ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ১৪ বলে ৩৯* রানের ইনিংসটা দেখলেই বোঝা যায়, শুরুর দিকে অনেকটা  মনের বাঘেই খেয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত