টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনার প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকায় বসবাসরত টাঙ্গাইলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বুধবার (২২ অক্টোবর) বিকেলে রাজধানীর হাইকোর্টের সামনে এ মানববন্ধন অনু্ষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া টাঙ্গাইলবাসীরা জানান, টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাব তারা মেনে নেবেন না। টাঙ্গাইল নিয়ে টানা-হেঁচড়া চলবে না। টাঙ্গাইল যদি ঢাকা বিভাগে না থাকে, তাহলে একে স্বাধীন বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে।
মানববন্ধনে অংশ নিয়ে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান বলেন, ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করাকে আমি ষড়যন্ত্র বলেই মনে করছি। এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানাচ্ছি। তা না হলে টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ আন্দোলন-সংগ্রাম করে এই ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য করবে। টাঙ্গাইল ঢাকার সঙ্গেই থাকবে, উল্টো পথে হাঁটবে না।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আরিফুর রহমান আরিফ বলেন, কোথাও মধু কিংবা সোনার খনি থাকলে সবাই লুফে নিতে চায়৷ টাঙ্গাইল তেমন একটি স্থান। তাই বারবার এই জেলা নিয়ে ষড়যন্ত্র হয়। আগেও একই ষড়যন্ত্র হয়েছিল, তখন ঢাকা ও টাঙ্গাইলে বিক্ষোভ করে দাবি আদায় করেছিলাম। অন্তর্বর্তী সরকারের সময়ে আবারও একই ষড়যন্ত্র হচ্ছে, আমরা টাঙ্গাইলবাসী এটা মেনে নেব না। আমাদের কথা- আমরা ঢাকার সঙ্গে আছি এবং থাকব।
টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি ড. ইব্রাহীম হোসেন খান বলেন, আমাদের দাবি টাঙ্গাইলকে ঢাকার সঙ্গে রাখতে হবে। ইতোমধ্যেই টাঙ্গাইল জেলা প্রশাসন মন্ত্রী পরিষদ বিভাগে চিঠি দিয়েছে। আমরা অচিরেই একটি স্মারকলিপি দেব। আমরা পরিস্থিতির ওপর নজর রাখব, তারপর কর্মসূচি গ্রহণ করব।
এ সময় আরও বক্তব্য দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি সুরুজ মন্ডল।
