ঢাবির জহুরুল হক হলে ‘কুরআনী মজলিস’

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত আত্মশুদ্ধিমূলক আয়োজনের ধারাবাহিকতায় এবার শহীদ সার্জেন্ট জহুরুল হক হল মসজিদে আগামী ২৪ অক্টোবর শুক্রবার বাদ মাগরিব হতে যাচ্ছে কোরআনের আলোকে আলোচনা অনুষ্ঠান ‘কুরআনী মজলিস’।

এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক ও কোরআন গবেষক শায়খ আতীকুল্লাহ। তিনি দীর্ঘদিন ধরে কোরআন ও হাদিসভিত্তিক গবেষণার পাশাপাশি তরুণদের নৈতিক জাগরণে কাজ করে আসছেন। তার বয়ানে কোরআনের গভীর তাৎপর্য, জীবনধারার সঙ্গে কোরআনের সম্পর্ক এবং ব্যক্তি ও সমাজ জীবনে কোরআনের বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা প্রাধান্য পায়।

অনুষ্ঠানটির আয়োজক সূত্রে জানা যায়, এতে পবিত্র কোরআনের আলোকে হেদায়েতমূলক আলোচনা এবং আত্মিক পরিশুদ্ধির বিষয়ে বিশেষ নসিহত পেশ করা হবে। এই আয়োজনের লক্ষ্য হলো, শিক্ষার্থীদের মধ্যে আলোকিত মানস গড়ে তোলা, যাতে তারা নিজেদের একাডেমিক জ্ঞানকে নৈতিক ভিত্তির ওপর দাঁড় করাতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সব মুসল্লিকে এই মজলিসে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠান সম্পর্কে আয়োজকদের একজন বলেন, ‘আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞানের সঙ্গে সঙ্গে ইমান, আমল ও চরিত্রেও আলোকিত হোক। কোরআনের এই মজলিস সেই প্রচেষ্টারই অংশ।’

উল্লেখ্য, মুসলিম শিক্ষার্থীদের আত্মিক বিকাশ ও ইসলামি মূল্যবোধে উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের মসজিদে ধারাবাহিভাবে ধর্মীয় ও নৈতিক উন্নয়নমূলক এই আয়োজন চলে আসছে। আগের আয়োজনগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার উন্নয়নে সামনের দিনগুলোতেও এই আয়োজন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

লেখক : শিক্ষার্থী, আইন বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়

×
সর্বশেষ সর্বাধিক পঠিত