ডোমারে প্রসূতির মৃত্যু দেড় লাখ টাকায় রফা

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১২:১৫ এএম

নীলফামারীর ডোমারায় দ্বিতীয় সন্তান প্রসবে সিজার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন চন্দনা রানী (২৯) নামের এক গৃহবধূ। গতকাল বুধবার সকালে উপজেলা শহরের সেবা হাসপাতাল নামের একটি বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে চিকিৎসকের ভুলের কারণে প্রসূতির মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হলেও প্রভাবশালীদের হস্তক্ষেপে দেড় লাখ টাকায় দফারফা হয় বলে জানা গেছে।

মারা যাওয়া প্রসূতি চন্দনা রানী উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধ্যসুন্দর খাতা গ্রামের জগন্নাথ চন্দ্রের মেয়ে ও বাবুরহাট গ্রামের দীপক চন্দ্র রায়ের স্ত্রী।

মারা যাওয়া প্রসূতির মা মিনু রানী বলেন, ‘গত মঙ্গলবার বিকেলে আমার মেয়ের সিজার হয়। সিজারের পর চন্দনার রক্তপাত হতে থাকে। একপর্যায়ে চিকিৎসকের অবহেলায় সে মারা যায়। আমরা বিচার চাইতে গেলে ওরা জোর করে মীমাংসার কাগজে স্বাক্ষর করে নেয়।’

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. রায়হান বারি বলেন, ‘আমরা কোনো অভিযোগ পাইনি। তবে স্বপ্রণোদিত হয়ে একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি তদন্ত করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত