সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষে গুলিতে ১ জন নিহত হয়েছে। গতকাল বুধবার জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের সুরইঘাট ভিত্রিখেল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলমাস মিয়া (৩৫)। তার বাড়ি জৈন্তাপুর উপজেলার নয়াখেল গ্রামে। কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিজিবি জানায়, চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর হামলায় চালায়। তখন আত্মরক্ষার্থে বিজিবি ফাঁকা গুলি ছোড়ে। হামলায় বিজিবির একজন সদস্য গুরুতর আহত হয়েছেন এবং একজন চোরাকারবারি নিহত হয়েছেন।
তবে স্থানীয় লোকজনের বরাত দিয়ে জৈন্তাপুর থানা পুলিশ জানায়, নিহত ব্যক্তি চোরাচালানের সঙ্গে জড়িত নয় এবং তিনি পেশায় একজন কৃষক।
জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার বদরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।
এদিকে ঘটনার ব্যাপারে গতকাল সন্ধ্যায় বিজিবি-১৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সকাল ১০টার দিকে সুরইঘাট বিওপির একটি টহল দল জৈন্তাপুর উপজেলার ভিত্রিখেল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে যায়। এ সময় ভারতীয় চোরাই পণ্যবাহী একটি পিকআপ ভ্যান আটক করা হলে একদল সশস্ত্র চোরাকারবারি দেশীয় ধারালো অস্ত্র, বল্লম, লাঠিসোঁটা নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। তারা চোরাই পণ্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। চোরাকারবারিদের হাত থেকে সরকারি সম্পদ রক্ষা ও নিজেদের আত্মরক্ষার জন্য বিজিবি সদস্য ৪-৫ রাউন্ড ফাঁকা গুলি করেন। চোরাকারবারিদের আক্রমণে বিজিবির একজন্য সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
