ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে রাজধানীর পল্টন-প্রেস ক্লাব সড়কে বসে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। এতে ওই সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল বুধবার বেলা পৌনে ১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। কিছুদূর যাওয়ার পর পুলিশ বাধা দিলে শিক্ষকরা সড়কে বসে অবস্থান নেন।
পরে শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে ‘অসম্মানজনক আচরণের’ অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। গতকাল বুধবার সচিবালয়ে স্মারকলিপি দিতে গিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা। এ ঘটনায় নতুন কর্মসূচি হিসেবে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন তারা।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান অভিযোগ করেন, শিক্ষা উপদেষ্টা তাদের প্রতিনিধি দলের সঙ্গে অসম্মানজনক আচরণ করেছেন। তিনি বলেন, গতকাল আমাদের কর্মসূচি ছিল শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও দাবি নিয়ে আলোচনা করা। কিন্তু পদযাত্রা শুরু করার পর আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়তে হয়। এরপরও পুলিশের সহযোগিতায় ১৫ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করে।
মোখলেছুর রহমান বলেন, আমরা ভেবেছিলাম শিক্ষা উপদেষ্টা অন্তত সৌজন্যমূলক আচরণ করবেন। কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা না করে অপমানজনক আচরণ করেছেন। এটি শুধু শিক্ষকদের নয়, গোটা শিক্ষক সমাজের প্রতি অবমাননা। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন তিনি।
চেয়ারম্যান বলেন, শিক্ষকদের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। শিক্ষা উপদেষ্টা শিক্ষক সমাজকে অসম্মান করেছেন। তাই আমরা তার পদত্যাগ দাবি করছি।
ইবতেদায়ি শিক্ষকরা দাবি জানিয়েছেন চলতি বছরের ২৮ জানুয়ারির মধ্যে জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি এমপিওভুক্তির লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্র্তৃক প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরিত ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন দিতে হবে।
শিক্ষকদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে অনুদানহীন স্বীকৃত ইবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি এবং ইবতেদায়ি মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।
উল্লেখ্য, এর আগে গত জানুয়ারিতে ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন।
