‘পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এখন সময়ের দাবি’

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:৪৯ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেছেন, দেশে সুষ্ঠু নির্বাচন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন এখন সময়ের দাবি। খুনিদের বিচারের মাধ্যমে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করতে না পারলে জনগণের আস্থা ফিরে আসবে না।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় কুমিল্লা নগরীর কচুয়া চৌমুহনী এলাকার বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আন্দোলন করি, সংগ্রাম করি কিন্তু কেন পরিবর্তন আসে না? কারণ আমাদের ভেতরে প্রকৃত পরিবর্তন নেই। জীবন দিলেও যদি চরিত্র না বদলায়, ভাগ্যও বদলাবে না। এক বছর না যেতেই আবার সন্ত্রাস ও চাঁদাবাজি শুরু হয়ে গেছে তাহলে কিসের পরিবর্তন হলো? আমরা বারবার হোঁচট খাই, ব্যর্থ হই, কিন্তু শিক্ষা নেই না। একটা গরু যদি একবার চিটা খায়, সে দ্বিতীয়বার খায় না। অথচ আমরা গরুর চেয়েও খারাপ, কুকুরের চেয়েও খারাপ, কারণ বারবার একই ভুল করি।

ফয়জুল করীম বলেন, নেতা অন্যায় করে জেলে যায়, পরে বের হলে আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করি। ফুল দেওয়া অন্যায় নয়, কিন্তু অন্যায়কারীর প্রতি সম্মান দেখানো অন্যায়। অন্যায়কে প্রশ্রয় দিয়েই আমরা সমাজে অন্যায়কে টিকিয়ে রাখি। আমি বলি, সব দোষ জনগণের। যদি জনগণ ঘুষ প্রত্যাখ্যান করত, তাহলে কোনো দলের নেতাই দুর্নীতি করতে পারত না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত