আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশের (এআইইউবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এআইইউবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এআইইউবি অ্যালামনাই স্টোরি নাইট ২০২৫।
২৪ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আইসিসিবিতে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন প্রায় দেড় হাজার এআইইউবি অ্যালামনাই সদস্য ও প্রাক্তন শিক্ষার্থী। অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও স্মৃতিচারণায় মুখর ছিল পুরো অনুষ্ঠানস্থল। জনপ্রিয় কণ্ঠশিল্পী ঋতুরাজ, মাসা ইসলাম এবং ব্যান্ডদল ওয়ারফেজ-এর সঙ্গীত পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে তোলে।
অনুষ্ঠানে চমক হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রাক্তন শিক্ষার্থী ও জাতীয় ক্রিকেট দলের তারকা মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয় এবং সাব্বির রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে এআইইউবির প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের ক্যারিয়ার ও জীবনের অনুপ্রেরণাদায়ী অভিজ্ঞতা শেয়ার করেন। দেশের বাইরেও অনেক অ্যালামনাই অনলাইনের মাধ্যমে যুক্ত হন এই স্মরণীয় আয়োজনে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার, এআইইউবি’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সদস্য ড. হাসানুল এ. হাসান, এআইইউবির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব ইশতিয়াক আবেদীন, সাবেক ভাইস চ্যান্সেলর ও ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জিটা লামাগনা, বর্তমান ভাইস চ্যান্সেলরসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
এআইইউবি অ্যালামনাই সোসাইটির আয়োজক কমিটি জানায়, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সংযোগ ও সহযোগিতা বাড়াতে তারা সর্বদা প্রস্তুত। অতিথিরা এমন আয়োজনের প্রশংসা করে বলেন, ভবিষ্যতেও এআইইউবি অ্যালামনাই সোসাইটির কার্যক্রমে তারা পাশে থাকবেন। এআইইউবির সাফল্যের অন্যতম ভিত্তি হলো এর প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে দৃঢ় বন্ধন। এই অনুষ্ঠানটি সেই বন্ধনকে আরও সুদৃঢ় করেছে এবং প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত হওয়ার এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
অনুষ্ঠানের টাইটেল স্পনসর ছিল প্রবাসী পল্লী গ্রুপ ও রূপায়ন গ্রুপ। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল বাংলাভিশন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, এবং দৈনিক কালের কণ্ঠ।
