নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় গরুবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন ৭ জন।
শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিহারীনগর বাইপাস রাস্তার ডাবল ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫) ও জয়নুলের ছেলে নূর আলম (৩০)।
পুলিশ জানায়, তারা গরু কেনা-বেচার ব্যবসা করতেন। শনিবার সকালে ভটভটিতে করে গরু নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিহারীনগর বাইপাস রাস্তার ডাবল ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেল সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, সকালে বিহারীনগর বাইপাস রাস্তার ডাবল ব্রিজ এলাকায় ভটভটি উল্টে চাপা পড়ে দুইজন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
