ফরিদপুর জেলার বোয়ালমারীতে ট্রাক চাপায় বিপ্লব সাহা মধু (৫৫) ও নারায়ন সাহা (৫৬) নামে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন পাঁচজন।
আহতরা হলেন- সঞ্জয় বণিক (৪০), নেপাল সাহা (৫০), হারান সাহা (৬০), টুকটুকি বণিক (৯) ও ভ্যানচালক সুমন। এর মধ্যে শিশু টুকটুকি বণিকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারের আশেপাশের বাসিন্দা।
গত শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১২টার দিকে হরিনাম সংকীর্তন (ভগবানের নাম উচ্চারণ করা) শুনে হতাহতরা পার্শ্ববর্তী কাদিরদী থেকে অটোভ্যানে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দি মাদ্রাসার সামনে একটি ট্রাকের সাথে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। দুর্ঘটনাস্থলের পাশেই ট্রাকটি ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করছে।
সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু বলেন, কাদিরদী এলাকা থেকে কীর্তন শুনে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হয়েছেন পাঁচজন।
বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল আমিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। তাদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় সৎকারের জন্য মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
