লা লিগার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মুখোমুখি লড়াই মানেই এক উৎসব। এল ক্লাসিকো খ্যাত সেই লড়াইয়ে যোগ হতে যাচ্ছে এক নতুন উপাখ্যান— প্রথমবারের মতো দুই ইংরেজ তারকার লড়াই। রিয়ালের হয়ে খেলবেন জুড বেলিংহাম, আর বার্সেলোনার জার্সিতে থাকছেন ফর্মের তুঙ্গে থাকা মার্কাস রাশফোর্ড।
২২ বছর বয়সী বেলিংহাম এই মৌসুমে ইনজুরির কারণে কিছুটা ছন্দ হারিয়েছিলেন। কাঁধের অস্ত্রোপচারের পর তিনি মিস করেন টানা পাঁচ ম্যাচ। তবে ধীরে ধীরে ফিরেছেন নিজের রূপে— সর্বশেষ চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে তার ম্যাচজয়ী গোল আবারও উজ্জীবিত করেছে সান্তিয়াগো বার্নাব্যুকে।
বেলিংহাম ইতোমধ্যেই ইংল্যান্ডের হয়ে খেলেছেন ৪৪ ম্যাচ, অংশ নিয়েছেন তিনটি বড় টুর্নামেন্টে। তবুও নতুন ইংল্যান্ড কোচ টমাস টুখেল অক্টোবরে ওয়েলস ও লাটভিয়ার বিপক্ষে দুটি ম্যাচে তাকে দলে রাখেননি। টুখেল অবশ্য বলেছেন, ‘এটা সম্পূর্ণ ট্যাকটিক্যাল সিদ্ধান্ত। দলের ভারসাম্য বজায় রাখতে হয়েছিল।’
তবে নভেম্বরের স্কোয়াড ঘোষণার আগে এল ক্লাসিকোতে দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে পারলে জাতীয় দলে ফেরার পথ খুলে যেতে পারে বেলিংহামের জন্য। রিয়াল মাদ্রিদ সমর্থক কার্লোস কামপিলোর মতে, ‘বেলিংহামকে কিছু প্রমাণ করতে হবে না। ও যা করে, প্রতিটি ম্যাচে নিজেকে প্রমাণ করে।’
রিয়ালের কোচ জাবি আলোনসো বেলিংহামকে এখন মাঝমাঠে ও আক্রমণভাগের মাঝামাঝি জায়গায় ব্যবহার করতে চান। ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তার বোঝাপড়াই আলোনসোর মূল অস্ত্র। তবে পরিসংখ্যান বলছে, এই ত্রয়ী একসঙ্গে মাঠে নামলে ৩০ ম্যাচের মধ্যে ১৭টিতে জয় পায়নি রিয়াল।
এল ক্লাসিকোতে বেলিংহাম এখন পর্যন্ত চার ম্যাচে তিন গোল করেছেন— প্রথম দুই ক্লাসিকোতেই গোল করে তিনি রিয়াল কিংবদন্তি রুড ভ্যান নিস্টেলরয়ের রেকর্ডের পাশে নাম লেখান। এবারও যদি তিনি গোল পান, তবে কেবল রিয়াল নয়, ইংল্যান্ডের সমর্থকদের কাছেও সেটি হবে এক স্পষ্ট বার্তা— ‘আমি এখনো আগের মতোই ক্ষুধার্ত।’
মেসির ১৪ বছর পর ভারতে ফেরা ভেস্তে গেল