বরিশাল নগরীতে এক গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় চারজনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রাকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন রাসেল গাজী, মো. রোকন খান, রাজিব জমাদ্দার ও জাহিদ হাওলাদার।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৯ নভেম্বর বিকেলে গৃহবধূর মা-বোন বেড়াতে গেলে ধান গবেষণা সড়কের খ্রিস্টানপাড়া এলাকার প্রতিবেশী আসামি রাসেল গাজী ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে গৃহবধূ বঁটি হাতে নেন। এতে রাসেল পালিয়ে যায়। পরে গৃহবধূর পরিবার এ ব্যাপারে রাসেলের পরিবারের কাছে নালিশ করে। এতে ক্ষিপ্ত হয় রাসেল।
পরদিন সন্ধ্যায় গৃহবধূ তার মায়ের সঙ্গে ঝগড়া করে স্বামীর কর্মস্থলের দিকে রওনা দেন। সঙ্গে ছিল এক লাখ টাকা। পথে একটি অটোরিকশায় উঠলে চালক নির্ধারিত গন্তব্যের পরিবর্তে উল্টোদিকে যেতে থাকে। পেছনে কয়েকজন মোটরসাইকেলে করে তাকে অনুসরণ করছিল। পরে গৃহবধূকে একটি বাগানে নিয়ে গিয়ে কয়েকজন ধর্ষণ করে।
ট্রাইব্যুনালের পেশকার অজিবর রহমান জানান, রায় ঘোষণার সময় রোকন খান ছাড়া অন্য তিন আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
