অবশেষে গুঞ্জনই সত্য হলো। সম্প্রতি দুই জগতের দুই মহারথীর এক সুতোয় বাঁধা পড়ার গুঞ্জন চাউর হয়; তারা হলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও পপ তারকা কেটি পেরি। চলতি সপ্তাহের শুরুতে পেরির ইয়টে তাদের চুম্বনের দৃশ্য ধরা পড়েছিল। এর মাধ্যমে প্রেমের গুঞ্জন জোরালো হয়। যুক্তরাষ্ট্রের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম টিএমজেড এক প্রতিবেদনে জানিয়েছে, গত শনিবার প্রথমবারের মতো একসঙ্গে জনসমক্ষে আসেন তারা। এক বিশেষ মুহূর্তে তাদের হাতে হাত ধরে বেরোনোর ভিডিও ও ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। এই দিনটি ছিল কেটি পেরির ৪১তম জন্মদিন। পেরির জন্মদিন উপলক্ষে প্যারিসের ক্রেজি হর্স ক্যাবারে শোতে অংশ নেন তারা। শো শেষে দুজন একসঙ্গে থিয়েটার থেকে বের হন এবং সাক্ষীদের বর্ণনা অনুযায়ী, তারা হাত ধরাধরি করে বাইরে হাঁটছিলেন। তখনই পাপ্পারাজ্জিদের কাছে ধরা পড়েন তারা। সেদিন কেটির পরনে ছিল লাল রঙের পোশাক আর ট্রুডো ছিলেন কালো স্যুটে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক বিনোদন ও রাজনৈতিক জগৎ এসে মিলল একবিন্দুতে।
এ সম্পর্কের খবর প্রথম প্রকাশ্যে আসে চলতি বছর জুলাই মাসে। সে সময় তাদের একসঙ্গে দেখা গিয়েছিল জুলাই মাসে মন্ট্রিয়ালে রাতের খাবার খেতে। পিপল ম্যাগাজিন জানিয়েছে, মন্ট্রিয়লে সাক্ষাতের পর থেকেই দুজনের প্রেমটা জমে উঠেছে। এমনকি ট্রুডোকে দেখা গেছে কেটির লাইফটাইমস ট্যুরের একটি কনসার্টেও; যা তাদের সম্পর্কের গুঞ্জনকে আরও তীব্র করেছিল। সেই সঙ্গে কেটি পেরি লন্ডনে অনুষ্ঠিত এক কনসার্টে নতুন সম্পর্কের ইঙ্গিতও দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি আর ইংলিশ পুরুষদের প্রেমে পড়ি না। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার উপকূলে কেটির ইয়টে দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও প্রকাশিত হয়েছিল। যদিও তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন তুঙ্গে, তবুও কেটি পেরি বা জাস্টিন ট্রুডো কেউই এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
গত জুনে কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুমের বাগদান ভাঙার খবর প্রকাশ্যে এসেছে। এর মাসখানেক পর ট্রুডোর সঙ্গে পেরির নাম জড়িয়েছে। জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ২০২৩ সালের আগস্টে, ১৮ বছরের দাম্পত্যজীবনের অবসান ঘটানোর ঘোষণা দেন। এ দম্পতির তিন সন্তান রয়েছে ১৭ বছর বয়সী জেভিয়ার, ১৬ বছর বয়সী এলা গ্রেস ও ১১ বছর বয়সী হাদ্রিয়েন।
