২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার নির্মম আঘাতে নিহতদের স্মরণে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার রাজধানী ঢাকাসহ সারা দেশে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে গতকাল সোমবার গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, ‘আগামীকাল (আজ) ২৮ অক্টোবর জাতির ইতিহাসে এক ভয়াল দিন। ওই দিন আওয়ামী লীগ ও তাদের দোসরদের হামলায় ঢাকাসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মী শহীদ হন এবং আহত হন সহস্রাধিক নেতাকর্মী।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘শুধু ঢাকায় নয়, সারা দেশেই ১৪ দলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করে। আওয়ামী সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মৃতদেহের ওপর নৃত্য করে বর্বর আনন্দ-উল্লাসে মেতে ওঠে যা সারা বিশ্বের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। এ ঘটনা ছিল পূর্বপরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা।’
তিনি জানান, পূর্বঘোষিত কর্মসূচির আলোকে দেশের সকল মহানগরী, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল এবং সকল পর্যায়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ওই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য জামায়াতে ইসলামীর সব শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান দলটির সেক্রেটারি জেনারেল।
