বেশ কিছুদিন হলো যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ও উপস্থাপক দিঠি আনোয়ার। চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে দেশে ফেরার কথা রয়েছে তার। দিঠির দুই সন্তানই যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন। এ কারণে তাকে বেশ কিছুদিন সেখানেই থাকতে হচ্ছে। এরই মধ্যে গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার গ্লাসকো মিডল স্কুল মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন দিঠি। ‘৭১ ফাউন্ডেশন’-এর কবির পাটোয়ারী ও পারভীন পাটোয়ারীর আয়োজনে অভিনেত্রী এবং নির্মাতা তানিয়া আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে একে একে গান পরিবেশন করেন দিঠি আনোয়ার, আসিফ আকবর ও আতিয়া আনিসা। অনুষ্ঠানের শুরুতে উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের বাংলা গানের অবদান নিয়ে আলোচনা করা হয়। আর এর পরপরই মঞ্চে ওঠেন দিঠি আনোয়ার।
মঞ্চে উঠেই দিঠি আনোয়ার শুরুতেই পরিবেশন করেন ‘এই মন তোমাকে দিলাম’ ও ‘ইশারায় শিষ দিয়ে আমাকে ডেকো না’ গান দুটি। এরপর শুরু হতে থাকে দর্শকের অনুরোধের পালা। এরপর দিঠি একে একে পরিবেশন করেন ‘যে ছিল দৃষ্টির সীমানায়’সহ ‘তুমি চোখের আড়াল হও’, ‘যদি বউ সাজোগো’, ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’, ‘তোমাকে চাই আমি আরও কাছে’সহ ফোক ম্যাশাপ। দিঠির কণ্ঠের প্রতিটি গানই দর্শক বেশ আগ্রহ নিয়ে উপভোগ করেন। কারণ, প্রতিটি গানই তার বাবার লেখা এবং প্রতিটি গানই শ্রোতা-দর্শকের মুখস্থ, সুরও জানা। যে কারণে সবাই দিঠির সঙ্গে সুরে সুরে গাইছিলেনও। একই মঞ্চে আসিফ আকবরও গান গেয়ে শ্রোতা-দর্শককে মুগ্ধ করেছেন। মুগ্ধ করেছেন আনিসাও।
দিঠি আনোয়ার বলেন, ‘যুক্তরাষ্ট্রে আসার এটা আমার দ্বিতীয় সংগীত পরিবেশনা। সবাই আসলে আব্বুর লেখা গানগুলোই আমাকে গাইতে অনুরোধ করছিলেন। আমারও আসলে ভীষণ ভালো লাগছিল দর্শকের কাছ থেকে আব্বুর লেখা গান গাওয়ার অনুরোধ আসায়। সব মিলিয়ে অনুষ্ঠানটিতে গাইতে পেরে খুব ভালো লেগেছে।’ দিঠি জানান, আগামী ১৪ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন।
