ময়মনসিংহ

দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে বড় মসজিদ মাদ্রাসায় সংঘর্ষ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:১৩ এএম

ময়মনসিংহের ঐতিহ্যবাহী জামিয়া ফয়জুর রহমান বড় মসজিদ মাদ্রাসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মাদ্রাসাসংলগ্ন এলাকায় পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।

এর আগে গত সোমবার রাতে মাদ্রাসায় আধিপত্য বিস্তার নিয়ে বিবদমান দুই পক্ষের মধ্যে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে বৈঠক হয়। বৈঠক শেষে হঠাৎ করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. শহীদুল্লাহ (৪৭) আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের যৌথ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরে মাদ্রাসা কমিটির সভাপতি জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা বন্ধ ঘোষণা করেন। তবে সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা প্রশাসনের এ সিদ্ধান্ত অমান্য করে মাদ্রাসার কার্যক্রম চালু রাখে। এ সময় দফায় দফায় বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।

মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি সারোয়ার হোসেন বলেন, ‘বর্তমানে মাদ্রাসার পরিস্থিতি শান্ত রয়েছে এবং স্বাভাবিকভাবে পাঠদান চলছে। একটি পক্ষ প্রভাব বিস্তারের মাধ্যমে বিতর্কিত কর্মকা-ে অভিযুক্ত শিক্ষক হাফেজ শহীদুল্লাহকে মাদ্রাসায় প্রবেশ করালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ধাক্কাধাক্কির সময় শহীদুল্লাহ কিছুটা আহত হন।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, ‘বিবদমান দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। বর্তমানে মাদ্রাসার পরিবেশ শান্ত রয়েছে।’

মাদ্রাসা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, ঘটনার প্রেক্ষিতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বৈঠক ডাকা হয়েছে। সেখানে বিস্তারিত আলোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত