কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শাফিয়া বেগম (৪০) নামের এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।
স্থানীয়রা জানান, বুধবার (২৯ অক্টোবর) দুপুরে বিলের পাড়ে তার ব্যবহৃত জুতা পড়ে থাকতে দেখা যায়।
এর আগে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি সবার অগোচরে বাড়ি থেকে বের হন এবং আর ফেরেননি। নিখোঁজ নারী উপজেলার দাসিয়ারছড়া সমন্বয়টারী ধোঁপার কুরা (বিল) এলাকার আফসার আলীর স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাফিয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হলেও কোনো অগ্রগতি হয়নি। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনি কোনোকে কিছু না বলে বাড়ি থেকে বের হন। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। একপর্যায় দাসিয়ারছড়া সমন্বয়টারী ধোঁপার কুরায় (বিল) পাড়ে তার ব্যবহৃত জুতা পড়ে থাকতে দেখা যায়।
এরপর স্থানীয়রা অনেক খুঁজে পায়নি এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই বিলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।
