রাউজানে বিএনপিকর্মীর বাড়ি থেকে বন্দুক ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৪:৪১ পিএম

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় মুহাম্মদ কামাল (৫০) নামে এক বিএনপির কর্মীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৭। উদ্ধার করা অস্ত্রের মধ্যে ১১টি বন্দুক, ২৭টি দেশি ধারালো অস্ত্র, ৮টি ক্রিকেট স্ট্যাম্প ও ১৫টি কার্তুজ।

বিএনপিকর্মী কামাল সাবেক ইউপি চেয়ারম্যান খায়েজ আহমদের ছেলে। এ ঘটনায় বিএনপির ওই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমদের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৭। অস্ত্র উদ্ধারের ঘটনায় কামাল ছাড়াও তার চাচাতো ভাই মুহাম্মদ সোহেল (৪৮) ও পরিবারের এক কিশোর সদস্যকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তারা বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করেছেন। গ্রেপ্তার তিনজনকে থানা-পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হবে।’

র‌্যাব জানায়, অভিযানে গাঁজা ও বিদেশি মদও উদ্ধার করা হয়েছে। ইউপি চেয়ারম্যানের বাড়ির আঙিনা, পুকুর পাড় এবং আলমারি থেকে এসব অস্ত্র ও মাদক লুকিয়ে রাখা হয়েছিল।

পুলিশ জানায়, গ্রেপ্তার বিএনপির কর্মী কামালের বিরুদ্ধে মারামারি ও চাঁদাবাজির তিনটি মামলা রয়েছে। তিনি গত বছর ৫ আগস্টের পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়েছেন। এলাকায় তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত