পরকালে যেসব বিষয়ে আফসোস করবে মানুষ

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১২:৫০ এএম

মানুষের জীবনের সবচেয়ে নিশ্চিত সত্য হলো মৃত্যু। কিন্তু মৃত্যুর পরের জীবনের প্রতি যে অবহেলা ও উদাসীনতা মানুষ দেখায়, সেটিই তাকে ধ্বংসের পথে ঠেলে দেয়। দুনিয়ায় সুযোগ থাকে ভুল সংশোধন করে আল্লাহর পথে ফিরে আসার। কিন্তু পরকালে কোনো সুযোগ থাকবে না। সেখানে থাকবে হিসাব, ফলাফল আর আক্ষেপ। পবিত্র কোরআনে আল্লাহ সেই আফসোসের দিনের চিত্র একাধিকবার উল্লেখ করেছেন। এই বিষয়ে কয়েকটি দৃষ্টান্ত উল্লেখ করা হলো।

নেক আমল না করার আফসোস : যারা দুনিয়াতে পরকালকে অস্বীকার করত, তারা সেদিন পরকালের জন্য নেক আমল করতে না পারার জন্য আক্ষেপ করে বলবে, ‘হায় আফসোস! এ জীবনের জন্য আমি যদি কিছু আগে পাঠাতাম!’ (সুরা ফাজর ২৪)

মাটি হওয়ার ইচ্ছা : মৃত্যুর পর নিজেদের আমলনামা দেখে মহান আল্লাহ ও রাসুল (সা.)-এর অবাধ্যরা ভয় পেয়ে যাবে। আর আজাব থেকে বাঁচতে আকাক্সক্ষা করে বলবে, ‘হায়, আফসোস! আমি যদি মাটি হয়ে যেতাম।’ (সুরা নাবা ৪০)

অসৎ সঙ্গ গ্রহণের আক্ষেপ : অবিশ্বাসীরা পরকালের ভয়াবহ পরিণতি দেখে আফসোস করে বলবে, আমরা কেন দুনিয়াতে নবুয়তের স্বীকৃতি দিইনি? রাসুল (সা.)-কে বাদ দিয়ে আমরা যদি অন্যকে বন্ধুরূপে গ্রহণ না করতাম তবে আমাদের এ করুণ পরিণতি হতো না। তারা বলবে, ‘হায় আফসোস, আমার দুর্ভাগ্য! আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম।’ (সুরা ফুরকান ২৭-২৮)

আমলনামা না দেওয়ার আশা : নেককার মুমিনরা সেদিন আমলনামা ডান হাতে পাবে, কিন্তু অপরাধী অবিশ্বাসী লোকেরা পরকালে বাম হাতে আমলনামা পেয়ে আকাক্সক্ষা করবে আমলনামা না পাওয়ার, এমনকি পরকালে যেন তারা মৃত অবস্থায় থাকে। তারা বলবে, ‘হায় যদি আমার আমলনামা না দেওয়া হতো। আমি যদি না জানতাম আমার হিসাব! হায়, আমার মৃত্যুই যদি শেষ হতো।’ (সুরা হাককাহ ২৫-২৭)

ধনসম্পদ কাজে না লাগার আক্ষেপ : সেদিন অপরাধীরা জাহান্নামে যাওয়ার আগে বলতে থাকবে, ‘আমার ধনসম্পদ আমার কোনো উপকারে এলো না। আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল।’ (সুরা হাক্কাহ ২৮-২৯)

নেতাদের দ্বিগুণ শাস্তি কামনা : সেদিন তারা বলবে, ‘হে আমাদের পালনকর্তা! আমরা আমাদের নেতা ও বড়দের কথা মেনেছিলাম, অতঃপর তারা আমাদের পথভ্রষ্ট করেছিল। হে আমাদের পালনকর্তা! আপনি তাদের দ্বিগুণ শাস্তি দিন এবং তাদের মহা অভিসম্পাত করুন।’ (সুরা আহজাব ৬৭-৬৮)

লেখক : মাদ্রাসাশিক্ষক ও প্রবন্ধকার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত