নিঝুম বনের পশুপাখি ভয়ানক বিপদে। একে তো বনের রাজা বাঘের অত্যাচারে সবাই অতিষ্ঠ, তার ওপর নতুন বিপদ হিসেবে জুটল মাথা বিগড়ে যাওয়া হাতির খামখেয়ালিপনা। পাগলা হাতিটা যাকে দেখে তাকেই কুস্তি খেলতে ডাকে। শুধু কি তাই? খেলার ছলে পায়ে থেঁতলে কিংবা আছড়ে মেরে ফেলে পশুপাখিদের।
এই যখন অবস্থা, তখন বনের সব পশুপাখি মিলে সভা ডাকল। বাঘ ও হাতির খপ্পর থেকে বাঁচতে এই সভা। সভায় উপস্থিত বুদ্ধিজীবী শিয়ালের মাথা থেকে বের হলো দারুণ এক বুদ্ধি! আর সেই বুদ্ধিবলে হাতি ও বাঘের অত্যাচার থেকে রেহাই পেল বনের সব পশুপাখি। যোগ্য নেতার পুরস্কার হিসেবে শিয়াল পেয়ে গেলেন নিঝুম বনের রাজ্যভার!
মজার এই গল্পটি সাধারণ কোনো গল্প নয়। ছড়ার ছন্দে লেখা। ছন্দের দোলায় পশুরাজ্য নিঝুম বন থেকে ঘুরে আসতে পড়তে পারো ‘বুদ্ধি দিয়ে রাজ্য জয়’ বইটি। চলো তো দেখি, হাতি আর বাঘকে জব্দ করতে কী বুদ্ধি করলেন বুদ্ধিজীবী শিয়াল!
