সিলেটে নিজ বাসার ছাদে আওয়ামী লীগের এক নেতাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। তার নাম আবদুর রাজ্জাক। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, আবদুর রাজ্জাক ফজরের নামাজের পর নিজ বাসার ছাদে হাঁটতে যান। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে ছাদে খুঁজতে গিয়ে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম জানান, সকাল ৬টা থেকে ৯টার মধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তের হাতে আবদুর রাজ্জাক খুন হয়েছেন। তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাইফুল ইসলাম আরও জানান, হত্যাকা-ের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
