গণরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন এনসিপি নেতা সারোয়ার তুষার। তিনি বলেন, গণরায়ের ওপর কোনো দলীয় রায় প্রাধান্য পেতে পারে না। জনগণের মতামতই গণতন্ত্রের মূল ভিত্তি।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত হবে নিজেদের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশের জনগণের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। জনগণের রায়কে অগ্রাহ্য করলে গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে এবং জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হয়।
শনিবার (১ নভেম্বর) রাজধানীর পল্টনে আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
বিএনপির ‘না ভোট’ প্রচারণাকে আত্মঘাতী অ্যাকটিভিজম আখ্যা দিয়ে তুষার বলেন, ‘বিএনপির কিছু অ্যাকটিভিস্ট ঘরের শত্রু বিভীষণ হয়ে উঠেছেন। দলটির ৩৫ শতাংশ নেতা-কর্মী ‘না’ ভোটের পক্ষে থাকলেও ৬৫ শতাংশ তৃণমূল কর্মী ‘হ্যাঁ’ ভোট দেবেন।’
তিনি প্রশ্ন তোলেন, ‘যে দলের জন্ম গণভোটের মাধ্যমে, তারা আবার গণভোটের বিরোধিতা করছে— এটি কি যুক্তিসঙ্গত?’
তুষার আরও বলেন, ‘বিএনপি যে বলছে পঞ্চদশ সংশোধনীর মধ্যে থাকা ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ বাতিল করা হচ্ছে— এটি সম্পূর্ণ মিথ্যা। কমিশন স্পষ্ট জানিয়েছে, এ বিষয়ে পরবর্তী সংসদই সিদ্ধান্ত নেবে।’
‘নোট অব ডিসেন্ট’ প্রসঙ্গে তিনি বলেন, ‘এর মানে কেবল এই— আমার একটা দ্বিমত আছে, তবে এগিয়ে যাও। এর বাইরে এর কোনো গভীর অর্থ নেই।’
জুলাই সনদ নিয়ে তুষার বলেন, ‘জুলাই অভ্যুত্থানে আমরা অনেক কিছু হারিয়েছি, তবে যা রক্ষা করা সম্ভব, তা রক্ষা হবে এই সনদের মাধ্যমেই। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন কোনো একক রাজনৈতিক দল এর বাস্তবায়ন ঠেকাতে না পারে।’
