কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। এ ঘটনায় দলের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত শুক্রবার দুপুরে উপজেলা সদরের খাদঘর এলাকায় তারা হঠাৎ করে একটি ঝটিকা মিছিল বের করেন। পরে রাতে দেবিদ্বার থানার পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ১৩ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন গুনাইঘর গ্রামের মো. জালাল (২৮), ওয়াহেদপুর গ্রামের আল আমিন সরকার (৩৮), বুড়িরপাড় গ্রামের হরমুজ মুহুরী (৫০), মোশারফ হোসেন (৫৪), সাবের পুকুরপাড় এলাকার গোলাম কিবরিয়া (২২), বরাট গ্রামের মো. সুজন (২৬), পদ্মকোট গ্রামের জামাল হোসেন (৪৭), আবুল কালাম ভোলা (৪০), বক্রিকান্দি গ্রামের মো. রেজাউল করিম (২৭), পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের যুবলীগ নেতা মো. আল আমিন (৪২), মো. সৃজান (১৮), মো. সফিকুল ইসলাম (২৩) এবং মো. বিল্লাল হোসেন (৪৪)।
এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই মামলার পর রাতে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে সাতজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবুবকর হত্যাচেষ্টা মামলারও আসামি। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশোসহ তিন ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল শনিবার বিকেলে গ্রেপ্তার তিন ছাত্রলীগ নেতাকর্মীকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে মিছিলটি হয়। গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান পার্থ (২০) ও মো. মারুফ মিয়া (২৫)। তারা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের জিজ্ঞাসাবাদে ছাত্রলীগ নেতা নূর হামীম রুশো রাজধানীর উত্তরার মিছিলে অংশগ্রহণের কথা স্বীকার করেন।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
