এম মনজুর আলম
সাবেক মেয়র, চট্টগ্রাম সিটি করপোরেশন
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে গত এক বছর ডা. শাহাদাত হোসেন মাঠে অত্যন্ত সক্রিয় ছিলেন মন্তব্য করেন সাবেক মেয়র এম মনজুর আলম। তিনি বলেন, মাত্র এক বছরের কাজ দিয়ে আসলে একজনকে মূল্যায়ন করা সম্ভব নয়। তিনি যদি পূর্ণ মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করতে পারতেন, তাহলে পাঁচ বছরে তিনি কী করতে পেরেছেন, কী করতে পারেননি সেটি মূল্যায়ন করা যেত।
এক বছরে মেয়র হিসেবে শাহাদাত হোসেন কী কী কাজ করেছেন, সে সম্পর্কে আমি অবগত নই জানিয়ে মনজুর আলম বলেন, তবে পত্রপত্রিকায় যতটুকু দেখতে পাই, তিনি মাঠে অত্যন্ত সক্রিয় রয়েছেন। যখনই যেখানে কোনো সমস্যা হচ্ছে, সেখানে দৌড়ে যাচ্ছেন। এটি ভালো লাগে।
সিটি করপোরেশনের যেকোনো উন্নয়নকাজের জন্য আর্থিক সক্ষমতার মূল বিষয় উল্লেখ করে সাবেক এই মেয়র বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমর্থন নিয়ে আমি ২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচন করেছিলাম। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতায় আমি নির্বাচিত হয়েছিলাম। কিন্তু সরকার ছিল আমাদের বিপক্ষ দলের। আমাকে বছরে মাত্র ৮ কোটি টাকা করে দেওয়া হতো। অথচ করপোরেশনের মাসে ১ কোটি টাকা কর্মকর্তা-কর্মচারীদের বেতনই দিতে হতো। বর্তমান মেয়র সরকার থেকে কী পরিমাণ আর্থিক সহযোগিতা পেয়েছেন কিংবা নিজস্ব বিভিন্ন সোর্স থেকে কতটা রাজস্ব পেয়েছেন, তার বিপরীতে কী কাজ করতে পেরেছেন সেটাই মূল বিষয়।
শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল, পরিচ্ছন্নতা, পরিকল্পনা, রাজস্ব, বর্জ্য ব্যবস্থাপনাসহ প্রতিটি বিভাগে কোথায় কী কাজ হয়েছে, কোন খাতে কত ব্যয় হয়েছে, কী পরিমাণ রাজস্ব আদায় হয়েছে, তার একটা তালিকা হয়তো তিনি এক বছরের কাজ সম্পর্কে করবেন। তাহলে মূল্যায়ন করতে সহজ হবে।
