মেয়েকে নিয়েই কাটবে মৌসুমীর জন্মদিন

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১২:৩৬ এএম

ঢাকাই সিনেমায় কয়েক দশক ধরে দাপটের সঙ্গে অভিনয় করে অনেক ব্যবসাসফল ছবি উপহার দেওয়া উজ্জ্বল তারকা আরিফা জামান মৌসুমীর জন্মদিন আজ। তিনি আজ পা রাখলেন তিপ্পান্ন বছরে। ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন এই তারকা। গত দুই বছরের মতো এবারের জন্মদিনও তিনি যুক্তরাষ্ট্রে তার মা, মেয়ে ও বোনদের সঙ্গে উদযাপন করছেন। ২০২৩ সালের অক্টোবর মাসে তিনি নিউ ইয়র্কে গিয়েছিলেন। এরমধ্যে আর দেশে ফেরা হয়নি তার।

এদিকে জন্মদিন উপলক্ষে তার ভক্তরাও দিনটিকে বিশেষভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছেন বলে জানান মৌসুমী। তবে এবার দেশে থাকলে দিনটি একটু বেশিই বিশেষভাবে উদযাপিত হতো। মৌসুমী বলেন, ‘জন্মদিন নিয়ে এবার বিশেষ কোনো পরিকল্পনাই নেই। আমার একমাত্র কন্যা ফাইজা’র খুব ইচ্ছে আমি যেন ঘরেই থাকি, শুধু তাকেই সময় দিই। বিশেষ এই দিনে ফাইজাকেই সময় দেব। যদি সময় সুযোগ হয় হয়তো আশপাশেই ফাইজাকে নিয়ে একটু ঘুরতে বের হব। বাসায় আমি নিজের হাতেই রান্না করব, একটা কেকও বানাব। সঙ্গে ফাইজার নানি ও খালামনি তো আছেই। তাদের নিয়েই জন্মদিনের সময়টা নিজের মনের মতো করেই কাটানোর চেষ্টা করব। তবে হ্যাঁ খুব মিস করব সানী আর ফারদিনকে। তারা এই মুহূর্তে সঙ্গে থাকলে হয়তো সময়টা আরও অনেক বেশি ভালোলাগার, আনন্দের হয়ে উঠত। আল্লাহ যেন তাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। সবার কাছে আমার জন্য, আমার পরিবারের জন্য সবার কাছে দোয়া চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত