নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী জোহরান মামদানির নির্বাচনী প্রচারণার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশাপাশি ‘বিশ্বস্ত পরামর্শক’ হিসেবে ভবিষ্যতে মামদানির পাশে থাকার প্রস্তাবও দেন সাবেক এই ডেমোক্র্যাট প্রেসিডেন্ট। গত শনিবার প্রায় ৩০ মিনিটের এক ফোনালাপে এসব কথা হয় জোহরান মামদানি ও বারাক ওবামার মধ্যে। ওবামা আনুষ্ঠানিকভাবে কোনো সমর্থন না জানালেও এই ঘটনাকে মামদানির প্রতি ওবামার জোরালো সমর্থন হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই ফোনালাপের বিষয়টি সম্পর্কে জানেন এমন দুজন ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ওবামা মামদানির প্রচারণার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি নিজে অতীতে রাজনীতিতে যেসব ভুল করেছেন, সেগুলোর কথা উল্লেখ করে বলেন, এমন তীব্র প্রচারণার মধ্যেও মামদানি খুব কমই ভুল করেছেন। সূত্রের ভাষ্যে, ওবামা মামদানিকে বলেন, আপনার নির্বাচনী প্রচারণা দেখাটা ছিল দারুণ এক অভিজ্ঞতা।
সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, মঙ্গলবারের নির্বাচনের পরেও মামদানির সাফল্যের বিষয়ে তিনি আগ্রহী। একটি নতুন প্রশাসন পরিচালনার জন্য কর্মী নিয়োগ এবং নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের মতো চ্যালেঞ্জগুলো নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। নির্বাচনে জয়ী হলে মামদানিকে যে কোনো বিষয়ে আলোচনা ও পরামর্শের জন্য ‘সাউন্ডিং বোর্ড’ হিসেবে কাজ করার প্রস্তাব দেন ওবামা। ভবিষ্যতে ওয়াশিংটনে তাদের দুজনের মধ্যে একটি বৈঠকের প্রাথমিক পরিকল্পনা নিয়েও কথা হয়েছে, যদিও কোনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। বারাক ওবামা সাধারণত ওভাল অফিস ছাড়ার পর থেকে স্থানীয় পর্যায়ের নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ এড়িয়ে চলেন।
এই ফোনকলটি ওবামার সমর্থনের একটি গুরুত্বপূর্ণ সংকেত, বিশেষ করে যখন ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতাদের অনেকেই ৩৪ বছর বয়সী এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থী থেকে দৃশ্যত দূরত্ব বজায় রেখেছেন। ফোনালাপের জন্য মামদানি সাবেক প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। তিনি ওবামাকে বলেন, তার প্রথম প্রেসিডেন্সিয়াল প্রচারণার সময় বর্ণবাদ নিয়ে দেওয়া ভাষণ থেকেই তিনি নিজে ইসলামোফোবিয়া বিষয়ে বক্তৃতা দেওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন। ফোনালাপের ব্যাপারে বারাক ওবামার একজন মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি। তবে মামদানির মুখপাত্র ডোরা পেক এক বিবৃতিতে বলেন, মামদানি প্রেসিডেন্ট ওবামার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উগান্ডায় জন্ম নেওয়া মামদানি নিউ ইয়র্ক রাজ্যের আইনসভার সদস্য। আগামী মঙ্গলবারের নির্বাচনের আগে হওয়া জনমত জরিপগুলোতে তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর চেয়ে অনেক এগিয়ে আছেন বলে দেখা যাচ্ছে। ডেমোক্র্যাট দলের বাছাইয়ে মামদানির কাছে হেরে যাওয়ার পর কুমো স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। রিপাবলিকানদের প্রার্থী হয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন গার্ডিয়ান এঞ্জেলসের প্রতিষ্ঠাতা কার্টিস সিøওয়া। এ বছরের ২৪ জুন দলের প্রার্থী নির্বাচনের প্রাইমারিতে সহজে জয়লাভ করে রাজনৈতিক পর্যবেক্ষকদের চমকে দেন মামদানি। এরপর তার প্রতি সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হচুল থেকে শুরু করে ডেমোক্র্যাটদের অনেক শীর্ষ ব্যক্তি সমর্থন ব্যক্ত করেন। ছোট দাতাদের দেওয়া ধারাবাহিক আর্থিক সহায়তা তার প্রচারণার গতিও বেশ সচল রেখেছে। ভারতীয় চলচ্চিত্রকার মীরা নায়ারের ছেলে মামদানির প্রতিশ্রুতির মধ্যে আছে নিউ ইয়র্কের ধনীদের কর বাড়ানো, করপোরেশন কর বৃদ্ধি, অ্যাপার্টমেন্টের ভাড়া নিয়ন্ত্রণের মধ্যে রাখা ও সরকারি ভর্তুকিতে বাসস্থানের পরিমাণ বাড়ানো। এসব কার্যকর হলে তা বড় কোম্পানি বা বিনিয়োগকারীদের ধরে রাখার ক্ষেত্রে নিউ ইয়র্ক পিছিয়ে পড়তে পারে বলে অর্থনৈতিক মহলে শঙ্কা রয়েছে।
