ফ্রিজে কাঁচা মাংস ও রান্না করা খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত করার অপরাধে মুন্সীগঞ্জের শ্রীনগর একটি বেকারির ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার বিকেলে জেলার শ্রীনগর উপজেলার তিন দোকান বাজার এলাকার পারিজাত বেকারির ম্যানেজার আল-ইমরানকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তিনি জানান, বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ওই বেকারিতে অভিযান চালান। এ সময় পারিজাত নামে বেকারিতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট, পাউরুটি, পিৎজা ও শর্মা প্রস্তুত করার পাশাপাশি ফ্রিজে কাঁচা মাংস ও রান্না করা খাবার একত্রে সংরক্ষণ করার চিত্র দেখতে পাওয়া যায়। এতে বেকারি ম্যানেজারকে জরিমানা করা হয়।
একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা। সহযোগিতা করেছে শ্রীনগর থানা পুলিশের টিম।
চট্টগ্রামে ১১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা