আজ দুই বড় ম্যাচ

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১২:১৯ এএম

চ্যাম্পিয়নস লিগে আজ এবং আগামীকাল হবে চতুর্থ রাউন্ডের খেলা। ৩৬ দল নিয়ে লিগপর্বের রাউন্ডে তাই প্রতি ম্যাচ-ডেতেই থাকে আকর্ষণীয় লড়াই। আজ যেমন দুটি ম্যাচে নজর বেশি থাকবে ফুটবল প্রেমীদের। অ্যানফিল্ডে লিভারপুল আতিথেয়তা দেবে চ্যাম্পিয়নস লিগে রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। পার্ক দ্য প্রিন্সেসে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি খেলবে জার্মান লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে। এ ছাড়া আর্সেনাল, টটেনহ্যাম, জুভেন্তাস, নাপোলি, আতলেতিকো মাদ্রিদ নিজ নিজ ম্যাচে মাঠে নামবে।

গেল মৌসুমেও লিগপর্বে দেখা হয়েছিল লিভারপুল ও রিয়াল মাদ্রিদের। সেবারও ম্যাচ হয়েছিল অ্যানফিল্ডে। সেই ম্যাচে লিভারপুল জিতেছিল ২-০-তে। গোল করেছিলেন ম্যাক অ্যালিস্টার আর কোডি গাকপো। তবে এবার রিয়ালের মুখোমুখি হওয়ার আগে ভিন্ন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আর্না সøটের দল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৭ ম্যাচে হেরেছে তারা, জিতেছে ৯টি। চ্যাম্পিয়নস লিগে হেরেছে গ্যালাতাসারের মাঠে। ইংলিশ লিগে ১০ ম্যাচের ৪টিতে হেরেছে। টানা হারের বৃত্তেও বন্দি থেকেছে। সবশেষ অ্যাস্টনভিলার বিপক্ষে ম্যাচ দিয়ে জয়ে ফিরেছে অলরেডরা। আর রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লিগে দাপট দেখাচ্ছে। ১১ ম্যাচের ১০টি জিতে আছে শীর্ষে। এল ক্লাসিকোতে হারিয়েছে বার্সেলোনাকে। লিগে দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমের প্রথম ১৪ ম্যাচের ১৩টি জিতেছে। ১৯৬১-৬২ মৌসুম শেষে এবারই এমন দুর্দান্ত শুরু পেয়েছে লস ব্লাঙ্কোসরা।

সবশেষ ভ্যালেন্সিয়ার বিপক্ষে লিগ ম্যাচে ৪-০-তে জেতে রিয়াল, যা মৌসুমে রিয়ালের সপ্তম ক্লিনশিট। এরপর কোচ জাবি আলোনসো বলেন, ‘ট্রফি জিততে হলে ভালোভাবে ডিফেন্স করতে হবে, যত বেশি সম্ভব ক্লিনশিট রাখতে হবে।’

লিভারপুলের যুব একাডেমি থেকে উঠে অলরেডদের জার্সিতেই পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন আলেকজান্দার ট্রেন্ট আর্নোল্ড। গেল মৌসুম পর্যন্ত গায়ে জড়িয়েছেন লাল জার্সি। তবে এবার অ্যানফিল্ডে তিনি ফিরবেন সাদা জার্সিতে। অর্থাৎ রিয়াল মাদ্রিদের হয়ে। অ্যানফিল্ডে গ্যালারিতে উপস্থিত সমর্থকরা আর্নোল্ডের সঙ্গে কেমন আচরণ করবেন তা ম্যাচের সময়ই বোঝা যাবে। তবে ইংলিশ এই ডিফেন্ডার বলেন, ‘সমর্থকরা আমাকে কীভাবে নেবে সেটি তাদের ব্যাপার। আমি সবসময়ই ক্লাবকে (লিভারপুল) ভালোবেসে যাব। এই ক্লাবের একজন ফ্যান থাকব। এই দলটির সঙ্গে একসঙ্গে যা কিছু অর্জন করেছি তা আমার আজীবন মনে থাকবে। আমি লিভারপুলের বিপক্ষে গোল করলে উদযাপন করব না।’

৩৬ দলের চ্যাম্পিয়নস লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। ক্লাবটি গেল মৌসুমে কোচ লুইস এনরিকের অধীনে জিতেছে ট্রেবল। এবার ফ্রেঞ্চ লিগে ১১ ম্যাচে ২৪ পয়েন্টে শীর্ষে আছে। লিগে এক ম্যাচে হার ও তিনটি ড্র তাদের। তবে চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম তিন ম্যাচের সব জিতেছে পিএসজি। আজ তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখও এবার ইউরোপসেরা ক্লাব টুর্নামেন্টে তিন ম্যাচের সব জিতেছে। পয়েন্টে টেবিলে বায়ার্ন ও পিএসজির পয়েন্ট এবং গোল ব্যবধানও সমান। তবে পিএসজি প্রতিপক্ষের জালে একটি গোল বেশি করায় আছে এক নম্বরে, দুইয়ে জার্মান চ্যাম্পিয়নরা। বায়ার্ন জার্মান লিগেও এবারের মৌসুমে ৯ ম্যাচ খেলে অপরাজিত আছে। তাই আজ পিএসজি-বায়ার্ন ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনই প্রত্যাশা ফুটবল ভক্তদের।

এ ছাড়া নাপোলি খেলবে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। আর্সেনাল যাবে স্ল্যাভিয়া প্রাগের মাঠে খেলতে। আতলেতিকো মাদ্রিদের ম্যাচ ইউনিয়ন সেন্ট-গিলসের বিপক্ষে। জুভেন্তাস খেলবে স্পোর্টিংয়ের বিপক্ষে। পিএসভি খেলবে অলিম্পিয়াকোসের মাঠে। টটেনহ্যাম নিজেদের মাঠে আতিথেয়তা দেবে কোপেনহেগেনকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত