ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের কর্মী-সমর্থকরা। এর মধ্যে গতকাল সোমবার সন্ধার পর মাদারীপুর শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর কর্মী-সমর্থকরা।
রাতে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন দলীয় মনোনয়ন না পাওয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। রাতে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে দলীয় মনোনয়ন না দেওয়ায় তার বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বিস্তারিত
প্রতিনিধিদের পাঠানো খবর:
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ, তীব্র যানজট : বিএনপি থেকে মনোনয়নবঞ্চিত হওয়ায় মাদারীপুর শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর কর্মী-সমর্থকরা। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চরে তারা সড়ক অবরোধ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে মাদারীপুর-১ আসনে জামান কামাল নুরুউদ্দিন মোল্লার নাম ঘোষণা করা হয়। এই আসনে মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বাদ পড়েন। এরই প্রতিবাদে তার কর্মী-সমর্থকরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চরে সড়কে টায়ার জ¦ালিয়ে অবরোধ করেন। এতে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে শত শত যানবাহন।
শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বলেন, হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিক্ষোভকারীর সংখ্যা বেশি থাকায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ।
কুষ্টিয়ায় বিএনপির মনোনয়নবঞ্চিত নেতার অনুসারীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ : কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন দলীয় মনোনয়ন না পাওয়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তার অনুসারী নেতাকর্মীরা। গতকাল রাত ৯টার দিকে শহরের মজমপুর রেলগেটে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন তারা। পাশাপাশি প্রতিবাদ মিছিলও করা হয়। এ ছাড়া সদর উপজেলার মধুপুর-লক্ষ্মীপুর এলাকায়ও সোহরাব উদ্দিনের সমর্থকরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
নেতাকর্মীদের দাবি, সোহরাব উদ্দিন কুষ্টিয়া-৩ আসনের তিনবারের সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর বদলে এখানে অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না। তাই অবিলম্বে এ সিদ্ধান্ত পরিবর্তন করে সোহরাব উদ্দিনকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।
এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার।
এ বিষয়ে মনোনয়নবঞ্চিত সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন বিষয়টি স্বীকার করে বলেন, ‘শুনেছি আমার সমর্থকরা বিক্ষোভ করছেন। আমি শহরের বাইরে আছি।’
কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হাসেন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।’
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের : চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে দলীয় মনোনয়ন না দেওয়ায় তার বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী শহীদ মিনার এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা।
এ সময় বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে সেøাগান দেন। এ ছাড়া মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ করার খবর পাওয়া গেছে।
ফৌজদারহাট পুলিশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহেল রানা বলেন, ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কের মাথা, ফৌজদারহাট, জলিল গেট, ভাটিয়ারী, মাদামবিবিরহাট, কদমরসুল এলাকাসহ বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ বিক্ষুব্ধ নেতাকর্মীদের সরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।০
