বান্দরবান রাজগুরু বিহার

দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৭:৩৭ এএম

বান্দরবানের উজানীপাড়া রাজগুরুমহা বৌদ্ধ বিহারে বর্ণাঢ্য আয়োজনে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে। গতকাল সোমবার সকালে দায়ক-দায়িকাদের আয়োজনে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়।

ভোরে বিশ্ব শান্তি কামনায় সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন ও পূজনীয় ভিক্ষু সংঘের প্রাতরাশের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। সকাল ৮টায় রাজবাড়ি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিহার প্রাঙ্গণে এসে সমবেত হয়। পরে বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান, কঠিন চীবরদান ও ধর্মদেশনা অনুষ্ঠিত হয়।

উৎসবে ধর্মদেশনা প্রদান করেন নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত আসাবা মহাথের, আগাপাড়া বৌদ্ধ বিহারের ভদন্ত ক্ষেমাচারা মহাথের, উদালবনিয়া কেন্দ্রীয় বিহারের ভদন্ত পাইন্দা ওয়াইংসা মহাথের, পুলপাড়া বিহারের ভদন্ত বিচারিন্দ মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের মহাসচিব ভদন্ত তেজপ্রিয় মহাথের, রাজগুরু মহা বৌদ্ধ বিহারের ভদন্ত ড. সর্বালংকারা মহাথের ও ভদন্ত উকেতু মহাথেরসহ বিভিন্ন বিহারের ভিক্ষুসংঘ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোমাং রাজা বোমাংগ্রী উচ প্রু, বিহারের দায়ক-দায়িকা এবং অসংখ্য বৌদ্ধভক্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত