আবারও বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। মঙ্গলবার (৪ নভেম্বর) গ্রিনউইচ সময় সকাল ৬টা ২৫ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ কমে আউন্সপ্রতি ৩ হাজার ৯৭০ দশমিক ৩৯ ডলারে নেমে আসে।

বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক সময়ে ডলারের মান তিন মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানো, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সুদের হার আরেক দফা কমার সম্ভাবনা হ্রাস পাওয়া এবং যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় স্বর্ণের চাহিদা কমে গেছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চলতি বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার কমালেও, ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন—আরও একটি সুদহ্রাস আসবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

বিশেষজ্ঞদের মতে, সাধারণত সুদবিহীন স্বর্ণের দাম নিম্ন সুদের হার ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার সময় বাড়ে। তাই বিনিয়োগকারীদের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের এডিপি কর্মসংস্থান প্রতিবেদন, সরবরাহ ব্যবস্থাপনা সূচক (আইএসএম) ও ক্রয় ব্যবস্থাপনা সূচক–সংক্রান্ত নতুন তথ্যের দিকে, যা ফেডের ভবিষ্যৎ নীতিমালা সম্পর্কে দিকনির্দেশনা দিতে পারে।

চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ৫৩ শতাংশ, তবে ২০ অক্টোবরের রেকর্ড উচ্চতার তুলনায় এটি ইতিমধ্যে প্রায় ৮ শতাংশ কমে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত