সেরা ব্রডকাস্ট জার্নালিস্ট ও প্রোগ্রাম প্রেজেন্টার হিসেবে বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৫ পেলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী তানিয়া আফরিন। পুরস্কার পেয়ে তানিয়া আফরিন বলেন, ‘এই সম্মাননা আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আমি প্রথম থেকেই চেষ্টা করছি নারীদের জন্য ভালো কিছু করতে। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতায় আগামীতেও এভাবে নিজের সফলতা ধরে রাখতে পারব।’
তানিয়া আফরিন এক সময় গণমাধ্যমে কাজ করেছেন। তারপর হয়ে যান উপস্থাপক। জনসচেতনতামূলক কর্মকা-েও রয়েছে তার সরব উপস্থিতি। এরমধ্যে গণমাধ্যম ও সাংস্কৃতিক পরিম-লে নারীদের অধিকার নিয়ে লিখেছেন একটি বই। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে মোড়ক উন্মোচন হয়েছে তার ‘বাংলাদেশ গণমাধ্যম ও বিনোদন খাতে নারীর নেতৃত্ব’ বইটির। এদিকে তানিয়া নিয়মিত সঞ্চালনা করছেন এটিএন বাংলার অনুষ্ঠান ‘অপরাজিতা’। বিটিভিতে করেছেন লোকগীতির অনুষ্ঠান ‘মন ছুঁয়ে যায়’। দুটো অনুষ্ঠানই দর্শকের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। একই সঙ্গে ‘ওম্যান অ্যান্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি সংগঠনের পরিচালক হিসেবে কাজ করছেন তিনি।
