তিন রাজনৈতিক দল পেতে যাচ্ছে ইসির নিবন্ধন

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ এএম

এনসিপিসহ তিনটি নতুন রাজনৈতিক দলকে প্রাথমিকভাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। নিবন্ধন পাওয়া তিন দল হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাসী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টি।

ইসি সচিব জানান, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাই শেষে ১৪৩টি আবেদনের মধ্যে মাঠপর্যায়ের তদন্তে এই ৩টি দল শর্ত পূরণ করেছে। এই তিন দলের নিবন্ধন বিষয়ে জনসাধারণের মতামত ও আপত্তি জানানোর জন্য আগামীকাল পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। জনমত জানানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে বিবেচিত হলেও পরে তিনটি দলকে বাতিল করা হয়েছে জাতীয় জনতা পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (শাহজাহান সিরাজ) এবং জাতীয় লীগ। রাজনৈতিক কর্মকা-ের ধারাবাহিকতা না থাকায় এসব দল বাতিল হয়েছে। এ ছাড়া আরও আটটি দলকে যাচাইয়ে অনিয়ম ও অসঙ্গতি পাওয়ায় নামঞ্জুর করা হয়েছে। সেগুলো হলোআম জনতার দল, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতার পার্টি এবং বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, রাজনৈতিক দল নিবন্ধনের ন্যূনতম দুটি শর্তের যেকোনো একটি পূরণ বাধ্যতামূলক। শর্ত দুটি হলো(১) কমপক্ষে ১০০টি উপজেলা বা মহানগর পর্যায়ে কার্যকরী কার্যালয় ও সদস্য থাকতে হবে, অথবা (২) ২২টি জেলায় কার্যকরী কার্যালয় ও সদস্য থাকতে হবে।

তিনি বলেন, আদালতের সিদ্ধান্তের প্রেক্ষিতে কিছুটা সহনশীলতার ভিত্তিতে সামান্য ঘাটতি থাকলেও দলগুলোকে বিবেচনায় নেওয়া হয়েছে। যেমন কোনো দল যদি ১০০টির পরিবর্তে ৯৮টি উপজেলা কভার করে, সেক্ষেত্রে সেটিকে আটকানো হয়নি।

চূড়ান্ত সিদ্ধান্তের সময়সীমা প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ১২ নভেম্বর পর্যন্ত জনসাধারণের কাছ থেকে দাবি, আপত্তি বা অভিমত নেওয়া হবে। এই সময় শেষ হওয়ার পর যদি কোনো জটিলতা না থাকে, তাহলে ১৪ বা ১৫ নভেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত বা গেজেট প্রকাশ করা সম্ভব হবে।

প্রতীকসংক্রান্ত বিষয়ে ইসি সচিব আরও জানান, এনসিপি ও আরও দুটি দল প্রতীক চেয়ে আবেদন করেছে। এর মধ্যে একটি দল প্রতীক পরিবর্তনের অনুরোধও জানিয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে, প্রাপ্যতা থাকলে বিজ্ঞপ্তিতে তা জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত