চাঁদপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক অভূতপূর্ব দৃশ্য। আজ বুধবার (৫ নভেম্বর) দেখা যাবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল পূর্ণিমার চাঁদ। এটি ‘বিভার মুন’ নামে পরিচিত সুপারমুন। ২০২৫ সালের টানা তিনটি সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়টি।
বাংলাদেশ থেকে আজ বুধবার সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে এই চাঁদ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। তবে ৬ নভেম্বর, বৃহস্পতিবারও প্রায় পূর্ণ চাঁদের দেখা মিলবে।
চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে একটি ডিমের মতো উপবৃত্তাকার কক্ষপথে। তাই এটি কখনো পৃথিবীর খুব কাছে আসে, আবার কখনো দূরে সরে যায়। যখন পূর্ণিমা তিথিতে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে, তখন তাকে সুপারমুন বলে।
নাসার তথ্যমতে, এবারের সুপারমুনটি পৃথিবী থেকে মাত্র ৩ লাখ ৫৬ হাজার ৯৮০ কিলোমিটার দূরে থাকবে, যা ২০২৫ সালে চাঁদের সবচেয়ে কাছাকাছি অবস্থান। এ সময় চাঁদকে সাধারণ পূর্ণিমার চাঁদের তুলনায় প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে।
‘বিভার মুন’ নামটির উৎপত্তি উত্তর আমেরিকা থেকে। নভেম্বর মাসে সেই অঞ্চলে বিভার নামক এক ধরনের নিশাচর প্রাণী পূর্ণিমার আলো ব্যবহার করে তাদের বাসা বাঁধতে ব্যস্ত হয়ে পড়ে। এই ব্যস্ততার কারণেই নভেম্বরের পূর্ণিমার চাঁদের নামকরণ করা হয়েছে ‘বিভার মুন’। এটি ফ্রস্ট মুন বা ট্রেডিং মুন নামেও পরিচিত।
এই দারুণ দৃশ্য দেখতে কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই। খালি চোখেই এর সৌন্দর্য উপভোগ করা সম্ভব। তবে দূরবীন বা বাইনোকুলার থাকলে চন্দ্রপৃষ্ঠের গর্তগুলো আরও স্পষ্টভাবে দেখা যাবে। ছোট টেলিস্কোপ দিয়েও চাঁদের ভূ-প্রকৃতি ভালোভাবে পর্যবেক্ষণ করা যাবে।
সুতরাং, সন্ধ্যা নামার পর আকাশের দিকে তাকিয়ে থাকুন। অপলক দৃষ্টিতে উপভোগ করুন বছরের সবচেয়ে উজ্জ্বল ও বৃহদাকার চাঁদের অপার্থিব সৌন্দর্য।
