মাধবপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০২:০১ পিএম

হবিগঞ্জের মাধবপুরে রাজন মিয়া তার স্ত্রী শাপলা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। সোমবার রাতে সংঘটিত এই হত্যাকাণ্ডের পর মঙ্গলবার (৪ নভেম্বর) ঘাতক স্বামী নিজেকে আদালতে আত্মসমর্পণ করতে গেলে পুলিশ তাকে আটক করে, থানায় নিয়ে আসে। পুলিশের হেফাজতে নেওয়ার পর রাজন মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী করড়া গ্রামের একটি পরিত্যক্ত জমির বালির নিচ থেকে শাপলা বেগমের লাশ উদ্ধার করা হয়।  

নিহত শাপলা বেগম (১৯) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের সুমন মিয়ার মেয়ে। তার স্বামী রাজন মিয়া হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ি এলাকার কাজল মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরে দাম্পত্য জীবনে পরকীয়া নিয়ে বিরোধ দেখা দিয়েছিল। ঘটনার রাতে রাজন মিয়া স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বালির নিচে চাপা দেয়। 

মাধবপুর থানার ডিউটি অফিসার এসআই শিবানি দাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। পুলিশ হেফাজতে থাকা ঘাতক রাজনকে আজ আদালতে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত