রাজধানীতে দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া দেশজুড়ে অভিযানে ১ হাজার ৭৪৮ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন, সাভার উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, ভাসানটেক থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আলী মোল্লা, আওয়ামী লীগ কর্মী জুবায়ের হোসেন ওরফে মামুন, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আশরাফ সিদ্দিকী, আওয়ামী লীগ কর্মী মো. রমজান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ ভূঁইয়া।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে নাসির আহমেদকে ও বারিধারা থেকে হাসান আলী মোল্লাকে গ্রেপ্তার করে ডিবি-মিরপুর বিভাগ। গুলিস্তান থেকে আশরাফ সিদ্দিকী, মো. রমজান ও ধানম-ি থেকে জান্নাতুল ফেরদৌস ঝুমা ওরফে ঝুমা তালুকদারকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগ। এ ছাড়া বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মোশারফ ভূঁইয়া ও শ্যামলী আবাসিক এলাকা থেকে জুবায়ের হোসেন ওরফে মামুনকে গ্রেপ্তার করে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
