ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে শুক্রবার বিকাল থেকে সংঘর্ষ হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটি গ্রামের মধ্যে টর্চের আলোয় এ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বিকালে দক্ষিণ আরিফাইল ও ফকিরহাটি গ্রামের শিশু-কিশোররা ফকিরহাটি গ্রামের একটি মাঠে খেলাধুলা করছিল। খেলাধুলা করার সময় ফকিরহাটি গ্রামের এক ছেলে দক্ষিণ আরিফাইল গ্রামের তারা মিয়ার ছেলে মামুনকে মারধর করে। এর জের ধরে দুই দল গ্রামবাসী টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট পাটকেল নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
