ফল প্রকাশ বিলম্ব ববির একাউন্টিং বিভাগের শিক্ষার্থীদের ক্ষোভ 

‘রেজাল্ট না থাকায় গুরুত্বপূর্ণ সুযোগ হারাচ্ছি’

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০২:০২ পিএম

পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৭ মাস অতিবাহিত হলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করতে পারেনি বিভাগের কতৃপক্ষ। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

সংশ্লিষ্ট বিভাগ জানায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ৮ম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হয় চলতি বছরের ১২ মার্চ এবং পরীক্ষা শেষ হয় ১৬ এপ্রিল। 

শিক্ষার্থীদের অভিযোগ,পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৭ মাস পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশ করতে পারেনি বিভাগ। এতে শিক্ষকদের অবহেলার কারণেই ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে বলে অভিযোগ তাদের। 

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ রাসেল করে লেখেন, প্রতিবারের মতো এবারও আমাদের শিক্ষকদের সঙ্গে বারবার যোগাযোগ করতে হচ্ছে। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে কখনোই পরীক্ষা বা ফলাফল প্রকাশের কাজ সম্পন্ন হয় না। সব সময় যেন কোনো অদৃশ্য বাঁধা থেকে যায়। আমরা বিশ্বাস করি-রেজাল্ট প্রকাশ কোনো করুণা নয়, এটি আমাদের অধিকার। রেজাল্ট যত দ্রুত প্রকাশ হবে, ততই শিক্ষার্থীদের উপকার হবে। একদিন আগেও রেজাল্ট হাতে থাকলে আমরা একদিনের মধ্যেই একটি চাকরির আবেদনে অংশ নিতে পারি। কিন্তু রেজাল্ট না থাকার কারণে আমরা একের পর এক গুরুত্বপূর্ণ সুযোগ হারাচ্ছি। এখনও অনেক সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি আসছে, কিন্তু আমরা আবেদন করতে পারছি না- শুধুমাত্র রেজাল্ট না পাওয়ার কারণে।

পরিচয় প্রকাশ অনিচ্ছুক অপর শিক্ষার্থী বলেন, অনার্স শেষ করার পর বাইরে মাস্টার্স করার ইচ্ছা যেন শুধুমাত্র মরিচিকা। ২০২৫ এর জুনের পর থেকে যতগুলো চাকরির বিজ্ঞাপ্তি গিয়েছে তা সব কিছু থেকে আমরা বঞ্চিত।  একটার পর একটা বিজ্ঞাপ্তি যায় আমরা চাতক পাখির মত তাকিয়ে থাকি৷ আমার পরিবার আমার বোঝা টানছে তারাও কটু কথা শোনায় এখন ৷ পুরো বিশ্ব করোনা প্রভাব কমিয়ে এগিয়ে গেলেও আমার ডিপার্টমেন্ট আটকিয়ে রেখেছে একটার পর একটা বিষয় নিয়ে। এক স্যারের টেবিল বলে অন্য স্যার দেয় না, অন্য স্যার বলে আরেকজন দেয় না৷ কিন্তু এই দীর্ঘসূত্রিতার শেষ কোথায়। যেখানে অন্য বিভাগ ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্স ফাইনালের দিন গুনছে। এই দায় কার? নাকি এই ডিপার্টমেন্ট আমাদের জন্য অভিশাপ? রেজাল্ট দিলেই চাকরি আমার জন্য অপেক্ষা করছে বিষয়টা এমন নয়। কিন্তু  রেজাল্ট ও একটা সিঁড়ি আমার জন্য। আমাদের রেজাল্ট যেন দ্রুত দিয়ে দেওয়া হয়, সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। 


পরীক্ষা কমিটির সভাপতি  অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম বাছির বলেন,  পরীক্ষা কমিটির সভাপতি হিসেবে আমি চেয়েছি দ্রুত ফলাফল প্রকাশ করতে কিন্তু বেশকিছু কারণে তা করতে পারিনি। আমাকে বিভাগ থেকে যাবতীয় লজিস্টিক সাপোর্ট দেওয়া হলে আমি সামনে এক সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে চাই। রেজাল্ট কেনো প্রকাশ হচ্ছে না এ বিষয়ে আপনি চেয়ারম্যান স্যারকে জিজ্ঞাসা করতে পারেন।

একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. হারুন অর রশীদ শিক্ষাছুটিতে রয়েছেন। 

এ বিষয়ে বিভাগের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আশিকুর রহমান বলেন,পরীক্ষা কমিটির সদস্য দুইজন শিক্ষক শিক্ষা ছুটিতে চলে যাওয়ায় ২০১৯-২০ সেশনের রেজাল্ট প্রকাশ করতে সময় লাগছে। তবে আমরা দ্রুতই রেজাল্ট প্রকাশ করবো।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত