রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের ড্রোনভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন একজন কমান্ডার নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ ড্রোন হামলার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় গত শুক্রবার গৃহীত এ পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জেলেনস্কির কার্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়, ইউরি চেরেভাশেঙ্কো ইউক্রেনের প্রথম আকাশ প্রতিরক্ষা ভ্রাম্যমাণ ব্রিগেড (এয়ার ডিফেন্স মোবাইল ব্রিগেড) এবং প্রতিক্রিয়াশীল বাহিনী সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ড্রোন প্রতিরোধে সক্ষম প্রযুক্তি উন্নয়নেও জড়িত ছিলেন। রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা প্রতিরোধে তার ওই প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তা।
দেশটির সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি গত সেপ্টেম্বরে বলেছেন, রাশিয়ার ড্রোন হুমকি মোকাবিলায় ইউক্রেন কয়েক স্তরভিত্তিক একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে। এ জন্য হামলা ঠেকাতে সক্ষম, এমন ড্রোনের কার্যকারিতা বৃদ্ধি করতে চায় তারা। নতুন নিয়োগের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, সেনাবাহিনীর শীর্ষ নেতাদের বৈঠকে নতুন কমান্ডারের জন্য কয়েকটি নির্দিষ্ট দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য হামলা প্রতিরোধে সক্ষম ড্রোনের উন্নয়ন ও নতুন প্রযুক্তির সংযোজন।
এদিকে, পূর্ব ইউক্রেনের অবরুদ্ধ শহর পোকরোভস্কে নিজেদের শেষ সম্বলটুকু দিয়ে মরিয়া হয়ে লড়ছে ইউক্রেনীয় সেনারা। কিয়েভের সেনাদের জন্য শহরটিতে টিকে থাকার লড়াই ক্রমশ তীব্র হচ্ছে। ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক মাইকোলা বিলিয়েস্কভ বলেন, পোকরোভস্ক হারালে পুতিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বোঝাতে চাইবেন যে রাশিয়ার বিজয় অনিবার্য এবং ইউক্রেনকে সহায়তা করা অর্থহীন। তিনি বলেন, কিয়েভের সামনে এখন কঠিন এক সিদ্ধান্ত। একদিকে সৈন্যদের বাঁচানো জরুরি, অন্যদিকে সার্বভৌম ভূখণ্ড থেকে সরে যাওয়া রাজনৈতিকভাবে খুবই স্পর্শকাতরÑযা রাশিয়ার জন্য কূটনৈতিক সুবিধা এনে দেবে।
