গ্র্যামির মনোনয়নে গাগার চমক

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১১:৫৯ পিএম

আগামী ১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনাতে বসবে বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাকর আসর গ্র্যামি অ্যাওয়ার্ডসের। গত শুক্রবার অনলাইনে গ্র্যামির মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়। মনোনয়নে এবারও শীর্ষে রয়েছেন র‌্যাপার কেনড্রিক লামার। সর্বোচ্চ ৯টি মনোনয়ন পেয়ে রেকর্ড গড়লেন তিনি। লামারের পরই রয়েছেন পপতারকা লেডি গাগা। সাতটি মনোনয়ন পেয়ে চমক দেখালেন তিনি। পুয়ের্তো রিকোর শিল্পী বাদ বানি পেয়েছেন ছয়টি মনোনয়ন। এর মধ্যে প্রথম স্প্যানিশভাষী শিল্পী হিসেবে গ্র্যামির প্রধান তিনটি বিভাগ ‘রেকর্ড অব দি ইয়ার’, ‘সং অব দি ইয়ার’ ও ‘অ্যালবাম অব দি ইয়ার’-এ মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে একই বছরে তিনটি প্রধান বিভাগে মনোনীত হওয়ার কীর্তি গড়লেন বাদ বানি। গ্র্যামি পুরস্কারের সর্বোচ্চ সম্মান ‘বছরের সেরা অ্যালবাম’ বিভাগে কেনড্রিক লামারের ‘জিএনএক্স’ এবং লেডি গাগার ‘মেহেম’ মুখোমুখি হবে। আরও মনোনয়ন পেয়েছে জাস্টিন বিবারের ‘সোয়াগ’ এবং সাবরিনা কার্পেন্টারের ‘ম্যান’স বেস্ট ফ্রেন্ড’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত